যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) এবিভিপি ও এসএফআইয়ের পৃথক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। দুই ছাত্র সংগঠনের মিছিল মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হলে পুলিশ দুই পক্ষের মিছিল আটকে দেয়।
এইট বি বাসস্ট্যান্ডের সামনে এসএফআইয়ের রাজ্য সভাপতি দেবাঞ্জন দে ও যুবনেত্রী দীপ্সিতা ধর আটকে পড়েন। অন্যদিকে, ঢাকুরিয়া ব্রিজের কাছে এবিভিপির মিছিলও পুলিশ আটকে দেয়। এ সময় সংগঠনটির কয়েকজন সদস্য ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
সকাল থেকে এইট বি এলাকায় জড়ো হওয়া এবিভিপির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছে সংগঠনের পতাকা ওড়ান। এর প্রতিবাদ করেন বামপন্থী ছাত্রছাত্রীরা, যা দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়।
বুধবার (১৯ আগস্ট) রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন ফেটসুর গভর্নিং বডির বৈঠকে অশান্তির সূত্রপাত ঘটে। অভিযোগ রয়েছে, সেখানে এবিভিপির কয়েকজন সদস্য হামলা চালায়, যার পরিপ্রেক্ষিতে ফেটসুর সদস্যরা তাদের মারধর করেন।
এই অশান্তির প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে কর্মসূচির ডাক দেয় এসএফআই। পালটা মিছিলের কর্মসূচি গ্রহণ করে এবিভিপিও। দুপুরে দু’পক্ষের জমায়েত ও মিছিল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ প্রশাসন দু’পক্ষের মিছিলের অশান্তি রুখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। দুপুরে এবিভিপির মিছিল গোলপার্ক থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দিলে পুলিশ ঢাকুরিয়া ব্রিজের কাছে ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
অনলাইন ডেক্স 





















