জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় সংসদীয় ও রাষ্ট্রপতির নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে সব রাজনৈতিক দলের ঐকমত্যের মাধ্যমে এই বিতর্কিত ৭০ অনুচ্ছেদ বিলোপ করা হবে।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন শেষে সংসদের টানেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী ড. অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট।
নূরুল ইসলাম মণি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা হালনাগাদ ও আসন পুনর্র্নিধারণ সবই বিদ্যমান সংবিধান মেনে করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান কাঠামোতে ৭০ অনুচ্ছেদ মেনে চলা ছাড়া উপায় ছিল না।
তিনি গণতন্ত্রের পুনর্জাগরণ ও সংসদীয় শিষ্টাচারের গুরুত্ব তুলে ধরে বলেন, গত ১৭ বছর ধরে জনগণ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার ১৮ কোটি মানুষের প্রতিনিধিরা নির্বিঘ্নে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন।
সংবাদ সম্মেলনে ভোটাভুটিতে ছয়জন সংসদ সদস্যের অনুপস্থিত থাকার বিষয়ে চিফ হুইপ জানান, অসুস্থতা ও ব্যক্তিগত কারণে তারা ভোট দিতে পারেননি।
অনলাইন ডেক্স 





















