সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সোমবার (১৭ আগস্ট) থেকে এই বরখাস্ত কার্যকর হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামানের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, যশোর শিক্ষা বোর্ডের প্রতিবেদনে মালেক গাজীর বিরুদ্ধে কয়েকটি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক (কম্পিউটার) হিসেবে ত্রুটিপূর্ণ নিয়োগ, বি.এড সনদে ত্রুটি, বিধিবহির্ভূতভাবে সিনিয়র স্কেল গ্রহণ, অর্থ বণ্টনে নীতিমালা লঙ্ঘন, অতিরিক্ত শাখা খোলা এবং কিশোরী টয়লেট বন্ধ রাখার অভিযোগ।
পত্রে উল্লেখ করা হয়েছে, বরখাস্তকালীন সময়ে মালেক গাজীকে সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের অর্ধেক হারে খোরাকী ভাতা দেওয়ার কথা। অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
অনলাইন ডেক্স 
























