উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ‘ফোবানা’ এবার একই সময়ে চারটি পৃথক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের তিনটি এবং কানাডার একটি শহরে এসব সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনগুলো হবে টরন্টো, নিউইয়র্ক, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায়।
কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪০তম ফোবানা সম্মেলন ২০২৬’। এ উপলক্ষে স্কারবরোতে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রস্তুতি, কর্মসূচি ও বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড রিসোর্টে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি এসসি ও ওসাক কানাডা। গত ১২ আগস্ট স্থানীয় একটি রেস্তোরাঁয় টরন্টো ফোবানার আয়োজক কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে আগত শিল্পীরা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন জুয়েল আইচ, সাজেদ আকবর, সেলিম চৌধুরী, ডলি শায়ন্তী ও ফকির শাহাবুদ্দিন। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
এছাড়া, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ তৈরি করাও এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য। ফলে ২০২৬ সালের ফোবানা সম্মেলন ঘিরে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
অনলাইন ডেক্স 






















