আগস্ট মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম হতে পারে।
আগস্ট মাসে ভারি বৃষ্টিপাতের কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় মৌসুমি বন্যার সৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে অতিরিক্ত বৃষ্টির ফলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।
আগামী চার সপ্তাহের আবহাওয়া চিত্রে দেখা যাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলে দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। তৃতীয় সপ্তাহে সারা দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে এবং চতুর্থ সপ্তাহে নতুন মৌসুমি সিস্টেম গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ ঘটবে, তবে দুটি গ্রহণের কোনটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।
অনলাইন ডেক্স 
























