পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পৌর সদরের মণ্ডল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোবাহান প্রামাণিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে পূর্বে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি।
সকালে জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে সিদ্দিকের বসতবাড়ির আংশিক ভাঙচুর করে। ভাঙুড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করার পর দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যায়।
পুলিশ আসার খবরে ক্ষুব্ধ হয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ৩০-৪০ জন পুনরায় সিদ্দিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভাঙ্গুড়া থানার কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ৩ বার পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে, তবে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 














