রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সুমন্তি চাকমা (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তি চাকমা সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাকে সন্তান প্রসবের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে দুর্ঘটনায় তিনি ও তার গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সহকর্মীরা।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। অটোরিকশায় করে হাসপাতালে যাওয়ার সময় চাম্পাতলি এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপন বাপ্পী চাকমাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। হাসপাতালের সিনিয়ির স্টাফ নার্স দীপিকা দেওয়ান জানান, দুর্ঘটনায় আহত এক গর্ভবতী নারী হাসপাতালে আনা হয়েছিল এবং পরে তিনি মারা যান।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় আহত এক শিক্ষিকাকে হাসপাতালে নেওয়ার তথ্য শুনেছি, তবে তিনি নিহত হয়েছেন কি না, সেই বিষয়ে নিশ্চিত নন।
অনলাইন ডেক্স 























