আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ব্যাপক প্রত্যাশা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি সোমবার সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রীর শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিষয় নিয়ে মতবিনিময় করার পরিকল্পনা রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর জন্য সরকারের সুস্পষ্ট ঘোষণা প্রত্যাশা করছেন।
স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন জানান, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
অনলাইন ডেক্স 























