রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং এই জনগণের আর্থসামাজিক উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি। তবে শহরকেন্দ্রিক উন্নয়ন ও সীমিত বিকেন্দ্রীকরণের কারণে পল্লী অবকাঠামো উন্নয়ন তেমনভাবে সম্ভব হয়নি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রবিবার (৫ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন। তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ধারণায় প্রথমবারের মতো দেশব্যাপী এই দিবস পালিত হচ্ছে, যা দেশের পল্লী অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির উল্লেখ করে বলেন, এটি তৃণমূল জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করার একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল। বর্তমান সরকারও গ্রামীণ উন্নয়নে কার্যকর ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করছে।
রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, যুব ও নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি সকলকে আহ্বান জানান, পল্লী উন্নয়নের অগ্রযাত্রা বেগবান করতে এবং উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করার জন্য। রাষ্ট্রপতি বলেন, তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
অনলাইন ডেক্স 




















