প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল জনগণ থেকে সরকারপ্রধানকে বিচ্ছিন্ন না করার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। তিনি এই আহ্বানটি রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানান।
প্রধানমন্ত্রী বলেন, “একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি যাতে জনগণ নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন।”
তিনি পিজিআরের সদস্যদের পেশাদারিত্ব, আনুগত্য এবং শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পিজিআর চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, যা তাদের জন্য গৌরবের বিষয়।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পিজিআরকে আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “বর্তমান আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় প্রতিটি বাহিনীকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পিজিআর সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতি বছর ৫ জুলাই পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়, যা ১৯৭৫ সালে গঠিত হয়।
অনলাইন ডেক্স 




















