পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে পাবনা জেলা ছাত্রদল।
রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোহেলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন সরকারকে নাশকতার অভিযোগে পুলিশ আটক করে। এর পর রাত সাড়ে ৮টার দিকে সোহেলের নেতৃত্বে প্রায় ২০০ গ্রামবাসী রিপন সরকারের মুক্তির দাবিতে ভাঙ্গুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। স্থানীয় সূত্র জানায়, পুলিশের কাছে আটক যুবলীগ নেতাকে রাত সাড়ে ১০টার দিকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পর সোহেলের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। জেলা ছাত্রদল নেতারা জানান, সোহেলের লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অনলাইন ডেক্স 























