রাজবাড়ীর দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাটে উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। বুধবার (১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রতিটি প্রকল্পস্থলে তথ্যসমৃদ্ধ ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে এবং আটটি সিসিটিভি ক্যামেরা ও একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ডিসপ্লে বোর্ডে প্রকল্পের নাম, নকশা, ব্যবহৃত উপকরণের পরিমাণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগাযোগের তথ্য থাকবে, যা সাধারণ মানুষের জন্য তথ্যপ্রাপ্তি সহজ করবে। তিনি উল্লেখ করেন, দৌলতদিয়া ঘাটকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টা চলছে।
দৌলতদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙনের সমস্যা চলছে। এ বিষয়ে তিনি জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে নদীশাসনের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে এবং এটি বাস্তবায়িত হলে স্থায়ী সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন।
নতুন অ্যাপ্রোচ সড়কে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি প্রকৌশল নকশার অংশ এবং অস্থায়ী ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ১৯৬৩ সাল থেকে একই পদ্ধতিতে অস্থায়ী অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হচ্ছে, যা নদীর গতিপ্রকৃতির কারণে প্রয়োজনীয়।
প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংবাদ প্রকাশের আগে প্রকৌশলী বা দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যাচাই করা উচিত, যাতে ভুল বোঝাবুঝি এড়ানো যায়। পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























