এশিয়ার জ্বালানি চাহিদা পূরণে — মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং গুরুত্বপূর্ণ নৌপথে ক্রমবর্ধমান ঝুঁকির কারণে এশিয়ার দেশগুলো নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। এশিয়ার বিপুল জ্বালানি চাহিদাকে কাজে লাগাতে কানাডার এলএনজি উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলএনজি কানাডা প্রকল্পের অংশীদার হিসেবে রয়েছে শেল, পেট্রোনাস, পেট্রোচায়না, মিতসুবিশি করপোরেশন ও কোগাস। এই অংশীদারিত্বের ফলে কানাডার এলএনজি রপ্তানি সক্ষমতা বছরে ২ কোটি ৮০ লাখ টনে পৌঁছাবে।
ওয়েলপ্রাইস ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সিডার এলএনজি ও উডফাইবার প্রকল্পের নির্মাণকাজ শেষ হলে ২০৩০ সালের মধ্যে কানাডার মোট বার্ষিক এলএনজি রপ্তানি সক্ষমতা ৩ কোটি ৩০ লাখ টনে পৌঁছাবে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি ও লোহিত সাগরের সংকটের কারণে এশিয়ার দেশগুলো এখন দীর্ঘমেয়াদি ও নিরাপদ জ্বালানি সরবরাহের নিশ্চয়তা খুঁজছে। কানাডার ভৌগোলিক অবস্থান এ ক্ষেত্রে একটি বড় সুবিধা।
ব্রিটিশ কলাম্বিয়া উপকূল থেকে প্রশান্ত মহাসাগর হয়ে এশিয়ায় পৌঁছাতে একটি এলএনজিবাহী জাহাজের মাত্র ৮ থেকে ১১ দিন সময় লাগে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গালফ কোস্ট থেকে পানামা খাল হয়ে এশিয়ায় পৌঁছাতে সময় লাগে ২০ থেকে ২৪ দিন।
কানাডা থেকে জ্বালানি পরিবহনে তুলনামূলক কম ঝুঁকি রয়েছে, কারণ এখানে ঝুঁকিপূর্ণ ও সংঘাতপূর্ণ নৌপথ এড়িয়ে উন্মুক্ত মহাসাগরীয় পথ ব্যবহার করার সুযোগ রয়েছে।
এছাড়া, জলবিদ্যুৎ ব্যবহারের কারণে কানাডার এলএনজি প্রকল্পে কার্বন নিঃসরণের মাত্রা বিশ্বের অন্যান্য এলএনজি প্রকল্পের তুলনায় কম। ফলে এশিয়ার দেশগুলোর কাছে এই প্রকল্পটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
গবেষণা সংস্থা উড ম্যাকেঞ্জির পূর্বাভাস অনুযায়ী, ২০৬০ সালের মধ্যে এশিয়ায় এলএনজির চাহিদা বর্তমানের ২৬ কোটি টন থেকে দ্বিগুণ হয়ে ৫০ কোটি টনে পৌঁছাতে পারে। কানাডার সম্প্রসারণ এশিয়ার বাড়তি চাহিদার একটি বড় অংশ পূরণে ভূমিকা রাখতে পারে।
উড ম্যাকেঞ্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান জোশুয়া এনগু বলেন, ‘এশীয় ক্রেতাদের জন্য কানাডা এমন কিছু সুবিধা দিচ্ছে, যা বর্তমান বৈশ্বিক এলএনজি বাজারে বিরল। তবে এর পূর্ণ সুফল পাওয়া নির্ভর করবে দেশটি কতটা প্রতিযোগিতামূলক মূল্যে এবং নির্ধারিত সময়ে প্রকল্পগুলো শেষ করতে পারে তার ওপর।’
এদিকে চলতি বছরের প্রথমার্ধে এশিয়ায় যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১০৮ শতাংশ বেড়েছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর এশিয়ার ক্রেতারা মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে বিকল্প জ্বালানি সংগ্রহে তৎপর হয়ে উঠেছে।
কানাডায় ‘কোস্টাল গ্যাসলিংক’ পাইপলাইনের মাধ্যমে কিটিমাটের এলএনজি কানাডা টার্মিনালে প্রতিদিন ২ দশমিক ১ বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই পাইপলাইনের মাধ্যমে তুলনামূলক কম দামের গ্যাস সরাসরি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নিয়ে আসায় রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের ব্যয়বহুল অবকাঠামো এড়িয়ে এশিয়ার বাজারে কম খরচে গ্যাস পাঠানোর সুযোগ পাচ্ছেন।
গবেষণা সংস্থাটি আরও উল্লেখ করেছে, ১ কোটি ২০ লাখ টন সক্ষমতার ‘কসি লিসিমস এলএনজি’ প্রকল্প যুক্ত হলেও কানাডা তাদের প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে থাকবে। প্রধানমন্ত্রী মার্ক কার্নির লক্ষ্য হলো, বছরে ১০ কোটি টন এলএনজি রপ্তানির মাধ্যমে কানাডাকে জ্বালানি পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা।
এশিয়ার বাজার ধরার ক্ষেত্রে কানাডার হাতে সময়ও ফুরিয়ে আসছে। কারণ, যুক্তরাষ্ট্রের সিপি২ এলএনজি, কমনওয়েলথ এলএনজি ও ডেলফিন এফএলএনজি ১-এর মতো বড় প্রকল্পগুলো চলতি বছরই চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী হবে।
এছাড়া আফ্রিকা, লাতিন আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও নতুন এলএনজি রপ্তানি প্রকল্পের কাজ এগিয়ে চলছে। উদীয়মান দেশগুলো বিশাল সমুদ্রতলীয় গ্যাসক্ষেত্র ও ভাসমান এলএনজি স্থাপনা গড়ে তুলছে। ফলে এশিয়ার ক্রেতাদের সামনে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতামূলক দামে গ্যাস কেনার সুযোগ বাড়ছে, যা কানাডার জন্য বড় চ্যালেঞ্জ।
অনলাইন ডেক্স 























