নাটোরের বড়াইগ্রামে কোকাকোলা বোতলে ঘাস নিধনের ঔষধ পান করে ৩৩ বছর বয়সী যুবক কোরবান আলী বাবু মারা গেছেন। তিনি ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার বেলা ৩টার দিকে মৃত্যুবরণ করেন।
কোরবান আলী বাবু বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং বনপাড়া পৌর শহরের হারোয়া এলাকার একটি নার্সারিতে কর্মরত ছিলেন।
নিহতের মা সাফিয়া খাতুন জানান, গত ১৮ জুন নার্সারিতে কাজ করার সময় কোকাকোলা বোতল থেকে তিনি পানীয় পান করেন, যা আসলে ঘাস মারা ঔষধ ছিল। তিনি মনে করেছিলেন, নার্সারির মালিক সুজন পাটোয়ারী তার জন্য কোক রেখেছেন, কারণ এর আগে দুইদিন ওই বোতলে কোক ছিল।
নার্সারির মালিক সুজন পাটোয়ারী জানান, বাবু দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত হন। গত শনিবার তাকে বাড়িতে আনা হয় এবং বুধবার তার মৃত্যু হয়।
নিহতের মা আরও জানান, বাবুর দুই বছর আগে বিয়ে হয়েছিল এবং তাদের ৪০ দিনের একটি কন্যা সন্তান রয়েছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, এই মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেননি।
অনলাইন ডেক্স 

























