চবিতে টেকসই পরিবহন দিবস — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টেকসই পরিবহন দিবস উপলক্ষে সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার, বায়ুদূষণ রোধ এবং টেকসই পরিবহন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে সাইকেল র্যালিটি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালির পর সেখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার রোধ, পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আয়োজক সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস জানায়, শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ব্যবহারে উৎসাহ সৃষ্টি এবং টেকসই পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘‘আমাদের এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মানুষকে সচেতন করা। আমরা জানি, প্রতিনিয়ত যানবাহনের ধোঁয়া ও কার্বন নিঃসরণ আমাদের পরিবেশ এবং জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে সাইক্লিং হতে পারে পরিবেশবান্ধব যাতায়াতের অন্যতম সহজ ও কার্যকর মাধ্যম।’'
তিনি আরও বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, ব্যক্তিগত পর্যায়ে পরিবেশবান্ধব যাতায়াতের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখা সম্ভব।’’
এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইকেল র্যালি ও মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের সুরক্ষায় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারবেন।
এছাড়া, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব যাতায়াতের প্রতি আগ্রহী হয়ে উঠবেন এবং ভবিষ্যতে আরও বেশি সাইকেল ব্যবহার করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুকরণীয় হতে পারে।
অনলাইন ডেক্স 
























