গুগল ম্যাপসে নতুন ফিচার — গুগল ম্যাপসে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের ভ্রমণ পরিকল্পনা সহজতর করবে। এই নতুন টুল, ‘আস্ক ম্যাপস’, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এক দিনের ভ্রমণ থেকে শুরু করে দীর্ঘ ছুটির জন্যও ধাপে ধাপে ভ্রমণসূচি তৈরি করতে সক্ষম।
নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চাহিদা অনুযায়ী প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবেন। গুগল ম্যাপস ব্যবহারকারীদের জানাবে কোথায় ঘুরতে হবে, কোন পথে যেতে হবে এবং কোথায় বিরতি নিতে হবে। এই ফিচারটি শুধু পরিকল্পনা তৈরি করতেই নয়, যাত্রাপথে প্রয়োজনীয় হালনাগাদ তথ্যও প্রদান করবে।
নতুন টুলের মাধ্যমে প্রতিটি গন্তব্যের জন্য মানচিত্রে নম্বরযুক্ত পিন দেখা যাবে, যা পর্যটকদের জন্য ভ্রমণসূচি অনুসরণ করা সহজ করবে। স্থানীয়দের জানা নানা পরামর্শও ভ্রমণসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।
যাত্রাপথে যানজটের অবস্থা, দোকান বা রেস্তোরাঁ খোলা আছে কি না, এবং পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন, এ ধরনের তথ্যও ব্যবহারকারীরা পাবেন। ফলে, পূর্বে তৈরি পরিকল্পনা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নেওয়া সহজ হবে।
যদি পরিকল্পনা বদলাতে হয়, তবে নতুন করে সব সাজানোর প্রয়োজন নেই। গুগল ম্যাপসকে নির্দেশ দিলেই ভ্রমণসূচিতে পরিবর্তন আনা যাবে। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট পথে দুপুরের খাবারের জন্য একটি বিরতি যোগ করতে বলা যেতে পারে।
তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও রয়েছে। ব্যবহারকারীরা চাইলে সেটি গুগল ডকসেও রফতানি করতে পারবেন।
শুধু ভ্রমণ নয়, দৈনন্দিন নানা কাজেও নতুন টুলটি সহায়তা করবে। বিউটি পার্লার, পোষ্য পরিচর্যা, গাড়ি মেরামত কিংবা বাড়ির মেরামতের জন্য কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের খালি সময় খুঁজে দেখা যাবে। ব্যবহারকারীরা কোন প্রতিষ্ঠানে কখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, তা দেখে নিজেদের সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।
গুগল ম্যাপসে সংরক্ষণ করে রাখা পছন্দের জায়গার তালিকা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া সহজ হবে। ‘আস্ক ম্যাপস’-কে প্রশ্ন করলেই সংরক্ষিত তালিকা থেকে প্রয়োজনীয় জায়গা খুঁজে দিতে পারবে। উদাহরণস্বরূপ, পাঁচজনের বসার জায়গা রয়েছে এবং আগামী ৩০ মিনিটের মধ্যে যাওয়া যাবে এমন রেস্তোরাঁ খুঁজে দিতে বলা যাবে।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে নতুন আপডেট চালু হচ্ছে। বছরের শেষের ছুটির ভ্রমণ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপের ৩০টি দেশে, যার মধ্যে স্পেন, যুক্তরাজ্য ও জার্মানি রয়েছে, নতুন সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।
‘আস্ক ম্যাপস’ যেখানে চালু রয়েছে, সেই ২০০টিরও বেশি দেশে পাওয়া যাবে। তবে ‘নো বিফোর ইউ গো’ নামে পথসংক্রান্ত পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা আপাতত প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। প্রযুক্তি সংস্থাগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সময়সাপেক্ষ কাজ সহজ করার দিকে এগোচ্ছে, এবং গুগল ম্যাপসের এই উদ্যোগও সেই প্রবণতার অংশ।
অনলাইন ডেক্স 




















