সন্তানের মধ্যে দেশপ্রেম জাগাতে — দেশপ্রেম কেবল দেশের প্রতি ভালোবাসার অনুভূতি নয়; এটি দায়িত্ববোধ, সততা, মানবিকতা, ন্যায়পরায়ণতা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা। একজন প্রকৃত দেশপ্রেমী নাগরিক নিজের দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে সম্মান করেন, অন্যায়ের প্রতিবাদ করেন এবং দেশের সম্পদ ও ঐতিহ্য রক্ষায় সচেষ্ট থাকেন। শিশুর মধ্যে এসব গুণ গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় শিক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক শিক্ষাগুলো সন্তানকে দেশপ্রেমী, দায়িত্বশীল ও বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলার ভিত্তি হতে পারে।
হিন্দু ধর্মের অন্যতম মৌলিক শিক্ষা হলো—সকল জীবের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা। উপনিষদের ‘ঈশাবাস্যমিদং সর্বম্’ ভাবনায় সমগ্র বিশ্বজগতে ঈশ্বরের উপস্থিতির কথা বলা হয়েছে। এই দর্শন শিশুকে প্রকৃতি, মানুষ ও অন্যান্য প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। সন্তানকে ছোটবেলা থেকেই বোঝানো প্রয়োজন, মানুষের ধর্ম, বর্ণ, ভাষা কিংবা সামাজিক পরিচয় ভিন্ন হতে পারে; কিন্তু মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা সমান। প্রতিবেশী, সহপাঠী কিংবা ভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি সম্মান দেখানোও ধর্মীয় মূল্যবোধের অংশ।
হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতায় কর্তব্য পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গীতার দ্বিতীয় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকে বলা হয়েছে, মানুষের অধিকার কর্মে, ফলে নয়। অর্থাৎ ফলের প্রত্যাশায় আটকে না থেকে নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করাই গুরুত্বপূর্ণ। এই শিক্ষা সন্তানকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে পারে। শিক্ষার্থী হিসেবে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, বড়দের সম্মান করা, সত্য কথা বলা, নিয়ম মেনে চলা এবং অন্যের অধিকার রক্ষা করা—এসবই দায়িত্ব পালনের বাস্তব উদাহরণ।
‘সত্যমেব জয়তে’—সত্যেরই জয় হয়। মুণ্ডক উপনিষদের এই বাণী ভারতের জাতীয় মূলমন্ত্র হিসেবেও স্বীকৃত। এর অন্তর্নিহিত শিক্ষা হলো, সত্য ও ন্যায়ের পথ শেষ পর্যন্ত মানুষের কল্যাণ বয়ে আনে। সন্তানকে সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, অন্যের জিনিস আত্মসাৎ না করা এবং ভুল করলে তা স্বীকার করার শিক্ষা দিতে হবে। একই সঙ্গে অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহসও তৈরি করতে হবে।
নিজের দেশকে ভালোবাসতে হলে দেশ সম্পর্কে জানতে হয়। সন্তানকে বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত, জাতীয় পতাকা, সাহিত্য, শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানানো জরুরি। হিন্দু ধর্মীয় শিক্ষার পাশাপাশি সন্তানকে বোঝাতে হবে, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত আবাসভূমি। এ দেশের ইতিহাস ও সংস্কৃতি কোনো একক সম্প্রদায়ের নয়; বরং সবার অংশগ্রহণে গড়ে উঠেছে।
হিন্দু ধর্মে সেবা, দান ও পরোপকারকে মহৎ কাজ হিসেবে বিবেচনা করা হয়। মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থের সেবা করা এবং অসহায় মানুষের সহযোগিতা করা ধর্মীয় মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রকাশ। সন্তানকে ছোটবেলা থেকেই এসব কাজে যুক্ত করা যেতে পারে। দরিদ্র সহপাঠীকে বই দেওয়া, বিপদে প্রতিবেশীর পাশে দাঁড়ানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা কিংবা গাছ লাগানোর মতো ছোট ছোট উদ্যোগ তার মধ্যে সামাজিক দায়িত্ববোধ তৈরি করবে।
মনে রাখতে হবে, ধর্মীয় শিক্ষা তখনই সার্থক হয়, যখন তা মানুষের মধ্যে ভালোবাসা, সততা, সহনশীলতা ও কল্যাণবোধ জাগিয়ে তোলে। ধর্মীয় পরিচয় নয়, মানুষের কাজ ও চরিত্রই তার প্রকৃত পরিচয়—এই বোধ সন্তানকে দিতে হবে।
পরিশেষে বলা যায়, দেশপ্রেমী সন্তান গড়ে তোলার জন্য শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান শেখানো যথেষ্ট নয়। প্রয়োজন ধর্মের নৈতিক শিক্ষা, পরিবারের আদর্শ, দেশের ইতিহাস-ঐতিহ্যের পরিচয় এবং মানবিক মূল্যবোধের চর্চা। যে সন্তান সত্যকে ভালোবাসবে, অন্যায়ের প্রতিবাদ করবে, সব ধর্মের মানুষকে সম্মান করবে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে, সেই সন্তানই একদিন প্রকৃত দেশপ্রেমী নাগরিক হয়ে উঠবে।
অনলাইন ডেক্স 
























