ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চারপক্ষীয় — ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের নিয়ে যত দ্রুত সম্ভব চারপক্ষীয় শান্তি আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ইউক্রেন এ বৈঠকে অংশগ্রহণের জন্য প্রস্তুত এবং বড়দিনের আগেই আলোচনাটি আয়োজনের জন্য অংশীদার দেশগুলোর আগ্রহের কথা উল্লেখ করেন।
২৩ নভেম্বর সোমবার বার্লিনে ন্যাটোভুক্ত দেশগুলোর আইনপ্রণেতাদের এক সমাবেশে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘চারপক্ষীয় বৈঠক, ইউক্রেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অংশগ্রহণে যত দ্রুত সম্ভব আয়োজন নিশ্চিত করতে আমাদের সবকিছু করতে হবে। আক্ষরিক অর্থেই আগামীকাল বৈঠক করতে পারি।’ তিনি মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরুর সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতা, আধুনিক প্রতিরক্ষা শিল্প এবং শক্তিশালী সেনাবাহিনী ন্যাটোর অন্যান্য সদস্যদেশের জন্যও সুফল বয়ে আনবে।
বার্লিনের ওই সমাবেশে জেলেনস্কি বলেন, ‘ন্যাটোই এর সমাধান। আর শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী থাকলে ন্যাটোও আরও শক্তিশালী হবে।’ তবে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়ে জোটের কয়েকটি দেশের নেতার মধ্যে এখনো দ্বিধা রয়েছে।
একই অনুষ্ঠানে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইউক্রেনের প্রতি জোটের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, কোনো দেশকে সদস্য করতে হলে জোটের সব সদস্যের সম্মতি প্রয়োজন। রুটে বলেন, ‘এই মুহূর্তে ন্যাটোর সব মিত্রদেশ ইউক্রেনকে সদস্য করার বিষয়ে একমত নয়।’
গত সপ্তাহে বার্লিনে ইউক্রেনের সমর্থক দেশগুলোর এক সমাবেশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার জানিয়েছিলেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটো চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদের মতো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ওয়াশিংটন।
তবে জেলেনস্কি সোমবার বলেন, ন্যাটোর পূর্ণ সদস্যপদ ছাড়া এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। তিনি প্রশ্ন তোলেন, ইউক্রেন আবার আক্রান্ত হলে কোন দেশগুলো তাদের পাশে দাঁড়াবে? এ ধরনের পরিস্থিতিতে অংশীদার দেশগুলো ঠিক কী পদক্ষেপ নেবে?
জেলেনস্কি আরও বলেন, ‘এসব প্রশ্নের কোনোটিই সহজ নয়। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট কোনো উত্তর পাইনি।’ তিনি রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান।
এ ক্ষেত্রে তিনি মিত্রদেশগুলোকে নিজেদের মজুত থেকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের আহ্বান জানান। জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো গুদামে পড়ে থেকে ধুলো জমার জন্য নয়।’
অনলাইন ডেক্স 
























