বান্দরবানে কঠিন চীবর দানোৎসবের — বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজগুরু বৌদ্ধ বিহারে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের শুরুতে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেন বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং নানা বয়সী পুণ্যার্থীরা। সকাল থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করেন।
এর আগে, পুণ্যার্থীরা রাজগুরু বৌদ্ধ বিহারে তুলা থেকে সুতা ও সুতা থেকে টাটকা চীবর বুননের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সারারাত কোমর তাঁতের মাধ্যমে বুনন শেষে ভোর সকাল চারটায় বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে চীবর উৎসর্গ করা হয়। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা নিজেদের ঐতিহ্য পোশাক পরিধান করে ধর্মদেশনায় অংশ নেন।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি, বোমাং সার্কেল চীফ রাজা উচ্চপ্রু চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমংসহ বিভিন্ন অতিথি কঠিন চীবর দানে যোগ দেন।
উৎসবের সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বৌদ্ধগুরু অধ্যক্ষ আসাবা মহাথেরো ও রাজগুরু বিহারের কেতু মহাথেরো।
বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কঠিন চীবর দান একটি পুণ্যময় ধর্মীয় আয়োজন। আষাঢ়ী পূর্ণিমার পর প্রবারণা পূর্ণিমা থেকে শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে এই চীবর দান করা হয়। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধি, সংযম, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা লাভ করেন।
ধর্মীয় এ আয়োজনের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে পিন্ডদান, যেখানে শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও উপাসিকারা অংশ নেবেন। পিণ্ডদানের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
অনলাইন ডেক্স 























