রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি — রাতভর চলা বিমান ও ড্রোন হামলায় সোমবার (২৩ নভেম্বর) রাশিয়া ও ইউক্রেনে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অন্যদিকে রাশিয়ার পার্ম ক্রাই অঞ্চলে ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানায়, কিয়েভ অঞ্চলে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকারীরা রাতভর তল্লাশি চালিয়ে ১১ জনের মরদেহ উদ্ধার করেন। সংস্থাটি উল্লেখ করে, উদ্ধারকর্মীরা নিরাপত্তার কারণে বিমান হামলার সতর্কতা সংকেত চলাকালীন কিছু সময়ের জন্য অভিযান স্থগিত রাখেন।
রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলার আকাশে ৮০টিরও বেশি ড্রোন প্রতিহত বা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো কাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
নভোশাখতিনস্কের বাসিন্দারা রাতভর বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। গভর্নর স্লিউসার জানিয়েছেন, ছয় ঘণ্টাব্যাপী ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর নভোশাখতিনস্ক তেল শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জরুরি পরিষেবা দল সেখানে কাজ করছে।
রাশিয়ার পার্ম ক্রাই অঞ্চলের গভর্নর দিমিত্রি মাখোনিন জানিয়েছেন, সেখানে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং স্প্লিন্টারের আঘাতে আরও দুজন সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, সকালে ড্রোন হামলায় একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার নাম প্রকাশ করেননি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রুশ তেল জায়ান্ট লুকঅয়েলের মালিকানাধীন একটি তেল শোধনাগারে ওই হামলা চালানো হয়েছে।
এছাড়া, অঞ্চলটিতে চলমান ড্রোন সতর্কতার কারণে পার্মের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ক্লাস বাতিল করেছে বলে চ্যানেল ‘পার্ম৩৬.৬’ জানিয়েছে। তাতারস্তান অঞ্চলের প্রধান রুস্তম মিনিখানভের প্রেস সার্ভিস জানিয়েছে, সকালে দক্ষিণ-পূর্ব তাতারস্তানেও ড্রোন হামলা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, এতে আলমেতিয়েভস্কের কাছে বেশ কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, লজিস্টিকস ও বন্দর অবকাঠামো এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর স্বার্থে ব্যবহৃত জাহাজগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল নিপ্রো শহরের একটি ৩৩০-কিলোভোল্ট সাবস্টেশন, যা ইউক্রেনের সামরিক-শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সরবরাহ করত।
এছাড়া, সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত থাকার অভিযোগে ওডেসা অঞ্চলের ইজমাইল বন্দর স্থাপনা এবং ওডেসার দক্ষিণ-পশ্চিমে সামরিক রসদ বহনকারী একটি ড্রাই কার্গো জাহাজও হামলার লক্ষ্যবস্তু ছিল। নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিপ্রোডজারজিনস্ক রেলওয়ে স্টেশনের কাছে ইউক্রেনীয় বাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত দুটি রেলওয়ে লোকোমোটিভ ইঞ্জিনেও হামলা চালানোর কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে চলমান সংঘাতের কারণে উভয় পক্ষের এসব দাবির নিরপেক্ষ সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
অনলাইন ডেক্স 
























