ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের — অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আইটি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি সব ধরনের ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
এ সিদ্ধান্তের ফলে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাতে যুক্ত ব্যক্তি এবং ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে আয় করা ব্যক্তিরা কর অব্যাহতির আওতায় আসবেন। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে কর অব্যাহতির প্রস্তাব তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনার সময় বলেছিলেন, আগে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের আয় করমুক্ত থাকলেও তা অন্যান্য সব ধরনের ফ্রিল্যান্সিংয়ের আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের প্রস্তাব করা হচ্ছে। তিনি তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব দেন।
এছাড়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, ফ্রিল্যান্সারদের আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর প্রযোজ্য ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরেন।
অন্যদিকে, বিশ্বব্যাংক বাংলাদেশের চলমান ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) বাস্তবায়নে অতিরিক্ত ৯৫ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করতে এ অর্থায়ন দেওয়া হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অর্থায়ন চুক্তিতে সই করেন।
ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটিতে শুরুতে ৪০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জরুরি প্রয়োজন মেটাতে মূল বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার পরে জরুরি পরিস্থিতি মোকাবিলার উপাদানে (সিইআরসি) স্থানান্তর করা হয়। নতুন অনুমোদিত অর্থায়নের মাধ্যমে ওই অর্থের ঘাটতি পূরণ হবে।
প্রকল্পটির মূল লক্ষ্য নগর এলাকার মৌলিক সেবার মান উন্নয়ন, পৌর প্রশাসনে সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা জোরদার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আদায় বাড়ানো। এ ছাড়া পরিকল্পনা প্রণয়ন, ক্রয় কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে পৌরসভা এবং সিটি করপোরেশনগুলোর সক্ষমতা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।
বিশ্বব্যাংক জানিয়েছে, অতিরিক্ত ৯ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে ৯ কোটি ২০ লাখ ডলার আসবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) ‘স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন’ থেকে। এ ঋণের বিপরীতে কোনো সুদ, সার্ভিস চার্জ বা কমিটমেন্ট ফি দিতে হবে না। ঋণ পরিশোধের মেয়াদ ১২ বছর, যার মধ্যে ছয় বছর গ্রেস পিরিয়ড রয়েছে।
অবশিষ্ট ৩০ লাখ ডলার আসবে বিশ্বব্যাংকের পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন থেকে। এ অংশের ঋণের সুদের হার ১ দশমিক ৫ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, বীমা গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নিজেদের জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘বীমা কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে তাদের জমি বিক্রি করে বীমাকারীদের দাবি পরিশোধ করার জন্য। যেসব কোম্পানি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও অধিকতর কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অনলাইন ডেক্স 
























