সুস্থ ও সুন্দর জীবন — ব্যস্ত নাগরিক জীবনে কাজের চাপ ও নানা দায়িত্ব সামলাতে গিয়ে অনেকেই নিজের যত্ন নেওয়ার কথা ভুলে যান। প্রতিদিনের ব্যস্ততায় শরীর, মন ও আত্মার সুস্থতার বিষয়টি অবহেলিত থেকে যায়। দীর্ঘদিনের এই অবহেলা একসময় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এখানে আধ্যাত্মিক ইবাদতের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।
জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিদিন নিজেকে তিনটি প্রশ্ন করতে পারেন: আজ নিজের মানসিক সুস্থতার জন্য কী করেছি? শরীরের যত্নে কী পদক্ষেপ নিয়েছি? আর আত্মিক প্রশান্তির জন্য কী করেছি?
এই তিনটি বিষয়ের প্রতি যত্নশীল হতে প্রতিদিনের জীবনে গড়ে তুলতে পারেন কিছু কার্যকর অভ্যাস। চলুন জেনে নেওয়া যাক সুস্থ জীবনযাপনে সহায়ক ১০টি ইসলামিক অভ্যাস।
১. ডায়েরি লেখার অভ্যাস গড়ে তুলুন: প্রতিদিনের অভিজ্ঞতা, ভালো লাগা, প্রাপ্তি ও প্রতিবন্ধকতাগুলো ডায়েরিতে লিখে রাখুন। বিশেষ করে দিনের ছোট ছোট নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়গুলো লিখতে পারেন। এতে নিজের চিন্তাভাবনা গুছিয়ে নেওয়া এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা সহজ হবে।
২. নতুন কিছু শেখার চেষ্টা করুন: জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট বয়স নেই। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। নতুন ভাষা, দক্ষতা কিংবা কোনো বিষয়ে পড়াশোনার মাধ্যমে নিজের জ্ঞান ও চিন্তাশক্তির বিকাশ ঘটান। জ্ঞানচর্চা মানুষের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি জীবনকে আরও সমৃদ্ধ করে।
৩. ভালো মানুষের সঙ্গে সময় কাটান: মানুষের চিন্তা ও আচরণে তার চারপাশের মানুষের প্রভাব পড়ে। তাই এমন বন্ধু ও সঙ্গী নির্বাচন করুন, যাঁদের সাহচর্য আপনাকে ভালো কাজে উৎসাহিত করে। পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের সম্পর্ক মানসিক প্রশান্তি বাড়ানোর পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে।
৪. প্রতিদিন হাঁটার অভ্যাস করুন: শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে নিয়মিত হাঁটার বিকল্প নেই। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট দ্রুত হাঁটার চেষ্টা করুন। নিয়মিত হাঁটাহাঁটি শরীরকে সচল রাখে এবং কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে।
৫. হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করুন: দীর্ঘ সময় বসে কাজ করলে শরীরে ক্লান্তি ও জড়তা তৈরি হতে পারে। এ সমস্যা এড়াতে সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করুন। এতে শরীরের নমনীয়তা বজায় রাখতে এবং সতেজ অনুভব করতে সহায়তা মিলবে।
৬. পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলুন: শরীর ও মনের সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। রাতে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে সকালে সময়মতো ঘুম থেকে ওঠা এবং ফজরের সালাত আদায় করাও সহজ হবে।
৭. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন: সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিন। খাদ্যতালিকায় নিয়মিত ফলমূল, শাকসবজি ও পুষ্টিকর খাবার রাখুন। অতিরিক্ত প্রক্রিয়াজাত ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। পরিমিত ও সুষম খাবার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।
৮. পর্যাপ্ত পানি পান করুন: শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পানির প্রয়োজন অপরিহার্য। পানিশূন্যতা এড়াতে সারা দিন বিরতি দিয়ে পর্যাপ্ত পানি পান করুন। বিশেষ করে গরম আবহাওয়া ও শারীরিক পরিশ্রমের সময় পানির চাহিদার দিকে খেয়াল রাখুন।
৯. সালাতের সময়কে অগ্রাধিকার দিন: ইসলামে সালাত অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই দৈনন্দিন কাজের ব্যস্ততার মধ্যেও সালাতের সময়কে অগ্রাধিকার দিন। কাজের কারণে সালাত আদায়ে অযথা বিলম্ব না করে সময়মতো নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত সালাত আত্মিক প্রশান্তি ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে সহায়ক।
১০. কোরআন তিলাওয়াত ও জিকির করুন: প্রতিদিন কিছুটা সময় পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য বরাদ্দ রাখুন। পাশাপাশি অবসর সময়ে আল্লাহর জিকির ও স্মরণে নিজেকে ব্যস্ত রাখুন। কোরআন তিলাওয়াত ও জিকির মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয় এবং আল্লাহর সঙ্গে আত্মিক সম্পর্ক আরও দৃঢ় করে।
জীবনকে সুন্দর ও অর্থবহ করতে একসঙ্গে সব অভ্যাস গড়ে তোলার প্রয়োজন নেই। প্রতিদিন একটি করে অভ্যাস শুরু করুন এবং ধীরে ধীরে সেগুলোকে জীবনের অংশ করে তুলুন। মনে রাখবেন, নিজের শরীর, মন ও আত্মার যত্ন নেওয়াও সুন্দর জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ।
অনলাইন ডেক্স 

























