আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা — বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংকার প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে অনুসরণ না করার কারণে সতর্ক করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকেও সতর্ক করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ নভেম্বর বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে আইডিএলসি ইনভেস্টমেন্টসের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের সহকারী পরিচালক রুবেল হোসেন স্বাক্ষর করেন।
বিএসইসির চিঠি অনুযায়ী, গত ১ অক্টোবর আইডিএলসি ইনভেস্টমেন্টসের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৬ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির আগে ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটি লিখিতভাবে তাদের বক্তব্য ও ব্যাখ্যা কমিশনের কাছে জমা দেয়।
নোটিশে উত্থাপিত অভিযোগ এবং প্রতিষ্ঠানের লিখিত ব্যাখ্যা পর্যালোচনা করে বিএসইসি সিকিউরিটিজ আইন পরিপালনে কিছু ব্যত্যয়ের প্রমাণ পেয়েছে। তবে এসব ব্যত্যয়ের মাত্রা বিবেচনায় নিয়ে আপাতত প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠানটিকে সিকিউরিটিজ আইন মেনে চলার জন্য আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে।
বিএসইসি চিঠিতে উল্লেখ করেছে, ভবিষ্যতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন কিংবা আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ধরনের কোনো ঘটনা পুনরায় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, বিএসইসির সতর্কীকরণের ফলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের আইনগত দায়দায়িত্ব শেষ হবে না। আইন পরিপালনে ব্যর্থতার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তার কাছে প্রতিষ্ঠানটির আইনগত দায়বদ্ধতা বহাল থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সতর্কীকরণ পত্রের অনুলিপি বিএসইসি চেয়ারম্যানের দপ্তর, এনফোর্সমেন্ট বিভাগের কমিশনার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর নির্বাহী পরিচালকদের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, করপোরেট খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় দেশের ৪৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৫’ শীর্ষক এ সম্মাননা গত বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিটি বিভাগে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ এই তিনটি শ্রেণিতে প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।
মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড অনুসরণ, তথ্য প্রকাশে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পুরস্কারের জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড পদক পেয়েছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। ইসলামি ব্যাংকিং বিভাগে শাহজালাল ইসলামী ব্যাংক, ফাইন্যান্স বিভাগে আইডিএলসি ফাইন্যান্স এবং ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস বিভাগে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এ সম্মাননা অর্জন করেছে।
অন্যান্য বিভাগের মধ্যে টেক্সটাইলস বিভাগে প্যারামাউন্ট টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড বিভাগে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং আইসিটি বিভাগে আইটি কনসালট্যান্টস গোল্ড পদক পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে অর্থনীতির প্রতিটি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। করপোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠায় আইসিএসবির ভূমিকার প্রশংসাও করেন তিনি।
অনলাইন ডেক্স 

























