চাঁদপুরের রাজরাজেশ্বরে ৩০ কৃতী — চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নে স্বপ্নচূড়া ছাত্র ঐক্য সংগঠনের আয়োজনে তৃতীয়বারের মতো উপবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ইউনিয়নের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩০ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে পাঁচজন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে কৃতী হিসেবে নির্বাচিত করা হয়। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আজিজ ফারুক বাবু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উল্লাহ সরকার।
এছাড়া অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার, সোলায়মান ভুট্টো মাঝী, মাওলানা আবু বক্কর, বাকী বিল্লাহ হাওলাদার, স্বপ্নচূড়া ছাত্র ঐক্য সংগঠনের সভাপতি কবির আল মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মেধা বিকাশ ও ভালো ফলাফল অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, শিক্ষার পাশাপাশি নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বপ্নচূড়া ছাত্র ঐক্য সংগঠনের মূল লক্ষ্য হলো দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করা, চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, শিক্ষার্থীদের মেধা যাচাই এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া। সংগঠনটি শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকায় শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যেও কাজ করছে।
আয়োজকরা জানান, চরাঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে তাদের।
অনলাইন ডেক্স 
























