মাউশির নির্দেশনায় স্কুল কলেজগুলোকে — মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব স্কুল ও কলেজকে অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ আকতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা না দিলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির ব্রডশিট জবাব প্রস্তুত করতে হবে। জবাবের সঙ্গে আপত্তির পরিশিষ্ট, প্রয়োজনীয় প্রমাণক ও মতামত সংযুক্ত করতে হবে।
এছাড়া, এসব কাগজপত্রের তিন সেট মুদ্রিত কপি এবং একটি সফটকপি জমা দিতে হবে। সফটকপি ইউনিকোড নিকোষ ফন্টে ওয়ার্ড ফাইল হিসেবে তৈরি করে পেনড্রাইভে জমা দিতে হবে।
জবাব জমা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে এসব তথ্য ও নথিপত্র বাহকের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা না দিলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মাউশির চিঠিটি দেশের সব উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শ্রদ্ধা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক ৭ নভেম্বর—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনর্জীবিত করেছিল।
এতে আরও বলা হয়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সংকট অতিক্রম করে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে তরুণ প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছে।
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মধ্যরাতে পুলিশের হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে কলেজের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এর আগে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন। প্রথমত, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। দ্বিতীয়ত, অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
অনলাইন ডেক্স 

























