শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে দুই দেশের বন্দরে পণ্যজট ও যানজটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. আ. সাত্তার জানান, ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছেন ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরা। ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ২৫ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
বেনাপোল বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কলকাতার সঙ্গে স্বল্প দূরত্বে অবস্থিত। প্রতিদিন ভারত থেকে কয়েক শ ট্রাক পণ্য বাংলাদেশে আসে এবং বিপরীতে পণ্যবাহী ট্রাক ভারতে যায়। শিল্পকারখানার কাঁচামাল ও বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করা হয় এ বন্দর দিয়ে।
সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে আমদানি করা পণ্যের একটি বড় অংশ বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করে। দীর্ঘ সময় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলে সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হতে পারে, যা বাজারে প্রভাব ফেলতে পারে।
বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়া বলেন, এক দিনের জন্যও আমদানি-রপ্তানি বন্ধ থাকলে পণ্যজট তৈরি হয়। তাই টানা কয়েক দিন কার্যক্রম বন্ধ থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো বাধা থাকবে না। যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 

























