ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় — চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানা পরিচালনার অভিযোগে ১৯ বছর বয়সী তৌহিদুল আলম আকিবকে আটক করেছে পুলিশ। আকিব ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ঘরে বসেই ইয়াবা তৈরির কৌশল শিখেছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আকিব নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনে ভাড়া বাসায় ইয়াবা উৎপাদনের কাজ শুরু করেন। তার তৈরি ইয়াবা বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছিল। তবে, ২১ নভেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে আটক করে।
আটকের পর আকিবের দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। এরপর পুলিশ তাকে সঙ্গে নিয়ে অভিযানে যায় এবং তার ভাড়া বাসা থেকে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। অভিযানে উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স অন্তর্ভুক্ত রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ রবিবার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, আকিব ইউটিউব ও চ্যাটজিপিটির মাধ্যমে ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেন এবং ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিক্রি করছিলেন।
পুলিশের এই অভিযান ইয়াবা উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
এদিকে, আকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ তার বিরুদ্ধে আরও তদন্ত চালাচ্ছে এবং ইয়াবা উৎপাদন চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে।
অনলাইন ডেক্স 




















