বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশাকে আইনি কাঠামোর আওতায় এনে নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার সাত দফা দাবি জানিয়েছে।
সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে অটোরিকশাকে সড়ক পরিবহন আইনের আওতায় এনে সিটি করপোরেশন, বিআরটিএ ও স্থানীয় সরকারের মাধ্যমে স্থায়ী আইন প্রণয়ন করা। তারা দাবি করেছে, প্রতিটি অটোরিকশার সরকারি নিবন্ধন এবং চালকদের লাইসেন্স প্রদান করা হোক।
অটোরিকশা নিবন্ধনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এ খাতে যুক্ত মালিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনটি ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে চলাচলসহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে বিআরটিএ ও ট্রাফিক পুলিশের মাধ্যমে মামলা ও জরিমানার ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেছে।
অটোরিকশার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত আধুনিক ব্রেকিং ব্যবস্থা ও নিরাপদ বডি ডিজাইন অনুযায়ী দেশীয় প্রযুক্তিতে ই-রিকশা তৈরির দাবি করা হয়েছে। পুরোনো অটোরিকশাগুলোকে আধুনিকায়ন বা রূপান্তরের সুযোগ দেওয়ার প্রস্তাবও রয়েছে।
চালকদের দক্ষতা বাড়াতে বিআরটিএ বা সিটি করপোরেশনের অধীনে ট্রাফিক আইনবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। এছাড়া অটোরিকশার গ্যারেজগুলোতে প্রিপেইড মিটারের মাধ্যমে চার্জিং স্টেশন চালুর দাবিও উঠেছে।
অনলাইন ডেক্স 























