মোংলা বন্দর সংলগ্ন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র ৮ দিন পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে দুটি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে দ্বিতীয় ইউনিটটি চালু হওয়ার মাধ্যমে কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম সচল হয়।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি রক্ষণাবেক্ষণের পর চালু করা হয়েছে। বর্তমানে উৎপাদন শুরু হওয়ার পর প্রাথমিকভাবে ৩৬৮.৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কেন্দ্রটি পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করবে, যেহেতু এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুত রয়েছে। এর আগে, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) দুপুর সাড়ে ১১টায় যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফলে বিগত ৮ দিন ধরে একটি ইউনিট দিয়ে কেন্দ্রটি সচল রাখা হয়েছিল, যার কারণে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে।
অনলাইন ডেক্স 





















