সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এ সময় ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ১৫ দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়। এর মধ্যে একটি চিরকুটে 'স্বামীর জন্য হেদায়েত' চেয়ে লেখা রয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে সিলগালা অবস্থায় থাকা ডেগ ও দানবাক্সগুলো খোলা হয়। এ সময় সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিরকুটে লেখা হয়েছে, 'আসসালামু আলাইকুম। আমার স্বামী কাজ কাম করতে চায় না। আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করেন।' চিরকুটের শেষে 'হালিমা জান্নাত সুমি' নামটি উল্লেখ করা হয়েছে। তবে স্বামীর নাম বা ঠিকানা উল্লেখ করা হয়নি।
মাজার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দানবাক্স ও ডেগ থেকে পাওয়া নগদ অর্থের পরিমাণ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, এবং আরও বিভিন্ন দেশের মুদ্রা।
এর আগে ১৫ আগস্ট সর্বশেষ দানবাক্স ও মানতের বাক্স খোলা হয়েছিল, যেখানে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এছাড়া ১১ জুলাই ও ২২ জুনেও দানবাক্স খোলার সময় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়েছিল।
অনলাইন ডেক্স 























