মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি — মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে খিলগাঁও গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত একটি মিছিলে অংশ নিতে যাচ্ছিলেন খোরশেদ আলম। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় একটি পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়।
অনলাইন ডেক্স 























