রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত পর্যটকদের মধ্যে রয়েছেন মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩), ইয়াছিন (৩২), মো. সাইফুল ইসলাম (২৭), হারুন ইসলাম তুষার (২৬) এবং রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটক দল কয়েকটি গাড়িতে করে সাজেক উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে যানজটে পড়ে। এ সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।
স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ পর্যটককে আটক করে। পুলিশ জানায়, আটক পর্যটকরা বর্তমানে সাজেক থানার হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, যানজটের মধ্যে অভিযুক্তরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়েছে বলে স্থানীয়দের বরাতে জানতে পেরেছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইন ডেক্স 























