ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ককে বন্ধুত্ত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ডিএমপি কমিশনার বলেন, জনগণের স্বার্থে পুলিশ ও গণমাধ্যমের দায়িত্ব পরস্পরের পরিপূরক। পুলিশ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে, আর গণমাধ্যম এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মোসলেহ্ উদ্দিন আহমদ আরও বলেন, ক্র্যাব চার দশকেরও বেশি সময় ধরে অপরাধবিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে ক্র্যাবের সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন প্রতারণাসহ নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কমিশনার বলেন, এসব বিষয়ে জনগণকে সচেতন করতে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ডিএমপি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ক্র্যাবের ৪১ বছরের পথচলায় অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোতে ক্র্যাব আরও শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে দেশের সাংবাদিকতা ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন ডেক্স 
























