রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার স্বর্ণপট্টির ‘কারুশ্রী জুয়েলার্সে’ চুরির ঘটনার তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন চোর চক্রের সদস্য এবং ১ জন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন। তাদের কাছ থেকে ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রূপা এবং ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ জুন ভোরে ১০ থেকে ১২ জনের একটি চোরের দল সাহেববাজার এলাকায় কাবুশ্রী জুয়েলার্সের সামনে কৃত্রিম জটলা তৈরি করে। এরপর তারা পাশের দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং কারুশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের দেয়াল কেটে ভেতরে ঢুকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রূপা, ৩ বক্স স্বর্ণের নাকফুল এবং ২০ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়।
ঘটনার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি, সাইবার ইউনিট এবং সিসি ক্যামেরা ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করে এবং আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত চোর চক্রটি পেশাদার এবং তারা একবারের বেশি মোবাইল বা সিম ব্যবহার করত না। তারা চুরি করার আগে ৩ থেকে ৪ মাস পূর্বে স্থানীয় এলাকায় অবস্থান করে রেকি করত। অভিযানে খুলনা থেকে মো. রুস্তম আলী শেখ (৬৪) এবং ঢাকার বিভিন্ন স্থানে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসান (৪৫) অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 























