চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় সেনাসদস্য তাসনিম রিফাতের (২৮) মৃত্যুতে রাজশাহী পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে তার বাড়িতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
রিফাত চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে কর্মরত ছিলেন এবং স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে সেখানে বসবাস করতেন। গত কুরবানি ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল।
রিফাতের বাবা আসাদুল হক জানান, তিনি গত কয়েকদিন আগে ভিডিও কলে কথা বলেছিলেন। তিনি বলেন, "আমার জীবনটা বড় কষ্টের। স্ত্রীকে হারিয়েছি ক্যান্সারে। এখন ছেলেও চলে গেল।" রিফাতের মরদেহ মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে জানান তিনি।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় রিফাত মারা যান। সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর রাজশাহী সেনানিবাসে নিয়ে যাওয়া হবে।
অনলাইন ডেক্স 























