প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময় পুলিশকে নির্বাচন কমিশন (ইসি) কোনো বেআইনি নির্দেশনা দেবে না। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
আজ বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচন আয়োজনে কমিশনের পাশাপাশি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে। যারা আইন অনুযায়ী যোগ্য হবেন না, তারা বাতিল হবেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে।
নাসির উদ্দীন জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুলিশের সক্ষমতার ওপর নির্ভর করতে হয়। তিনি আইজিপিকে অনুরোধ করেছেন, যারা আগে নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ নেননি, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে।
তিনি বলেন, নির্বাচনের সময় পুলিশের গাড়ির সঙ্কট রয়েছে এবং অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এই প্রশিক্ষণের জন্য প্রায় ২২ কোটি টাকা খরচ হবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের ওপর আস্থা আছে।
সিইসি নির্বাচনের সময় সিসি ক্যামেরা ও বডি-অন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা সম্পর্কে জানান।
অনলাইন ডেক্স 





















