জরুরি অর্থের প্রয়োজন হলে ব্যাংক থেকে বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের আওতায় গ্রাহকরা ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে, এই ঋণ সরাসরি ব্যাংক থেকে দেওয়া হবে না, বরং নির্দিষ্ট জরুরি পেমেন্ট সেবার জন্য ব্যবহৃত হবে।
ঋণটি বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল রিচার্জ, স্কুলের বেতন, হাসপাতালের বিল এবং ব্যাংক একাউন্টের ডিপিএস বা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধের জন্য ব্যবহার করা যাবে। ব্যাংকিং অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে, যেখানে উল্লেখিত বিলগুলো পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে।
ব্যাংকগুলো এই ঋণের জন্য কোনো সুদ নেবে না, তবে একটি মাশুল ধার্য করা হবে। এই মাশুলের পরিমাণ খুব বেশি হবে না এবং ঋণের মেয়াদ সাত, ১৫ বা ৩০ দিন হতে পারে।
সিটি ব্যাংক পিএলসির ডিএমডি অরূপ হায়দার বলেন, এই সার্কুলারটি গ্রাহকদের নিত্যদিনের পেমেন্টের জন্য ইনস্ট্যান্ট লিকুইডিটির অভাব পূরণ করবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি। তবে, ঋণ পাওয়ার জন্য ব্যাংকগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
অনলাইন ডেক্স 





















