প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেয়।
তিনি ভবিষ্যতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উভয় দেশ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র : বাসস
অনলাইন ডেক্স 





















