প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, সরকারি উদ্যোগ ও বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ফলে আগামী কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।
তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘এনার্জি সিকিউরিটি ইন বাংলাদেশ : ফ্রম ক্রাইসিস ম্যানেজমেন্ট টু এ রেজিলেন্ট এনার্জি ট্রানজিশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
ড. তিতুমীর বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত ভঙ্গুর অবস্থায় ছিল এবং সংকটের মধ্যে ছিল। তিনি পূর্বতন সরকারের নীতিমালার সমালোচনা করে বলেন, দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে গড়ে তোলা হয়েছে।
তিনি জানান, জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার নতুন এলএনজি অবকাঠামো নির্মাণ, পাইপলাইন সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খননের মতো উদ্যোগ গ্রহণ করেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তিনি বলেন, এটি শতভাগ আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার পরই বাণিজ্যিক উৎপাদনে যাবে এবং ধারণা করা হচ্ছে, ২০২৭ সালে এটি কার্যক্ষম হবে।
অনলাইন ডেক্স 






















