সরকার দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদিত এই সিদ্ধান্ত অনুযায়ী, পেনশন বৃদ্ধির হার সবার জন্য সমান হবে না। কম পেনশনধারীদের জন্য বৃদ্ধির হার বেশি নির্ধারণ করা হয়েছে, আর বেশি পেনশনধারীদের জন্য তুলনামূলক কম।
বর্তমানে একজন পেনশনভোগী যে নিট পেনশন পাচ্ছেন, তার ওপর ভিত্তি করে পাঁচটি স্তরে বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার টাকা বা কম পেনশনধারীদের জন্য বৃদ্ধির হার ১০০ শতাংশ, ৯,০০১ থেকে ২০ হাজার টাকা পেনশনধারীদের জন্য ৭৫ শতাংশ, ২০,০০১ থেকে ৩০ হাজার টাকা পেনশনধারীদের জন্য ৬৫ শতাংশ, ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকা পেনশনধারীদের জন্য ৬০ শতাংশ এবং ৪০,০০১ টাকা বা বেশি পেনশনধারীদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে।
উদাহরণস্বরূপ, যদি কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে ৯ হাজার টাকা নিট পেনশন পান, তাহলে ১০০ শতাংশ বৃদ্ধির ফলে তা ১৮ হাজার টাকা হবে। ২০ হাজার টাকা পেনশন পেলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে তা ৩৫ হাজার টাকা হবে।
অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা ও অবসর-পরবর্তী সুবিধাগুলো বিবেচনায় নিয়ে প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।
অনলাইন ডেক্স 






















