জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং ‘বলপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পাসের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সংসদে দুই বিলের আলোচনায় মানবাধিকার কমিশন ও গুমের বিচারপ্রক্রিয়া কার্যকর করতে মোট নয়টি প্রস্তাব তুলে ধরেন।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিল দুটির জনমত যাচাইয়ের সময় এসব প্রস্তাব দেন রুমিন ফারহানা। তিনি বলেন, মানবাধিকার নিশ্চিত করতে শুধু আইন করলেই হবে না, আইনের দুর্বলতা দূর করার পাশাপাশি কমিশনের স্বাধীনতা, তদন্তের সক্ষমতা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
রুমিন কমিশনের নির্দেশ অমান্যকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিতে হবে বলে উল্লেখ করেন। তিনি পুলিশের পরিবর্তে স্বাধীন ফরেনসিক ও তদন্ত ক্যাডার গঠনের দাবি জানান। এছাড়া কমিশনের নিজস্ব প্রসিকিউশন উইং ও আইনজীবী প্যানেল গঠনের প্রস্তাবও করেন।
‘বলপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ নিয়ে পাঁচটি প্রস্তাব দেন তিনি। এর মধ্যে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার প্রস্তাব রয়েছে। রুমিন বলেন, আটক ব্যক্তির তথ্য জাতীয় কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা থাকা উচিত।
তিনি দাবি করেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে, যার মধ্যে দুই হাজারের বেশি শিশুর সন্ধান এখনও পাওয়া যায়নি। নিখোঁজ শিশুদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
অনলাইন ডেক্স 






















