জার্মানি ড্রোন হামলা, সাইবার আক্রমণ ও রাশিয়ার নাশকতামূলক কার্যক্রম মোকাবিলায় একটি বিস্তৃত পরিকল্পনা হাতে নিয়েছে। গত মাসে একটি বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, রাশিয়ার হাইব্রিড হামলা এখন দৈনন্দিন বাস্তবতার অংশ হয়ে উঠেছে এবং এসব হামলা আরও বাড়বে বলে তিনি সতর্ক করেছেন। তবে তিনি দাবি করেন, জার্মানি নিজেদের রক্ষা ও প্রতিরোধ করতে সক্ষম।
রাশিয়া পশ্চিম ইউরোপে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে এবং জার্মান বিমানবন্দরে ড্রোন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগও প্রত্যাখ্যান করেছে। মস্কো এ ধরনের অভিযোগকে রাশিয়াবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিকল্পনার আওতায় পুলিশের মোবাইল ড্রোন প্রতিরোধ সক্ষমতা বাড়ানো হবে। গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র ও সরকারি এলাকার আকাশসীমা সুরক্ষায় দ্রুত মোতায়েনযোগ্য কাউন্টার-ড্রোন ইউনিট রাখা হবে।
এছাড়া, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকদের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার আইনগত ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জাতীয় পর্যায়ে একটি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে, যা সাইবার হামলা শনাক্ত ও প্রতিহত করতে কাজ করবে।
অনলাইন ডেক্স 

























