আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা একে একে জবানবন্দি দিচ্ছেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আমিনুল ইসলাম উল্লেখ করেন, গুমের ঘটনাগুলোকে ‘ওয়াইডস্প্রেড ও সিস্টেম্যাটিক অ্যাটাক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, গুমের শিকার ২৫১ জনের পেছনে একই ব্যক্তিদের সংশ্লিষ্টতা প্রায় ঘুরেফিরে পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, গুমের তদন্ত শুরু হওয়ার পর কিছু অপরাধীর তৎপরতা বেড়েছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়েও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সারাদেশে সংঘটিত গুমের বিচারকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনলাইন ডেক্স 






















