চট্টগ্রাম নগরের মোমিন রোডে র্যাবের অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত পেয়েও পালানোর চেষ্টা করে একটি প্রাইভেটকার। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কোতোয়ালি থানার কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে র্যাব-৭ ধাওয়া করে গাড়িসহ চালক মো. আরিফুল ইসলাম ভূঞাকে আটক করে।
র্যাব-৭ জানায়, ফেনী থেকে প্রাইভেটকারে করে মাদকের একটি চালান চট্টগ্রাম নগরের দিকে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টের সামনে এলে র্যাব সদস্যরা থামার সংকেত দেন, কিন্তু চালক পালানোর চেষ্টা করেন।
ধাওয়ার পর আটক আরিফুল ইসলাম ভূঞার গাড়িতে তল্লাশি করে আটটি কার্টনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা অন্য ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, আটক আরিফুল ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক আরিফুল ইসলাম ভূঞা, উদ্ধার করা মাদক এবং জব্দ করা প্রাইভেটকারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 
























