সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাউথ কর্দোফানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির একটি চিকিৎসক সংগঠন। বুধবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে জোটবদ্ধ সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্দান (এসপিএলএম-এন) এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, হামলাগুলো কুরদুদ ও আবু হামামা এলাকায় বসবাসকারী ওতোরো সম্প্রদায়ের মানুষের ওপর পরিচালিত হয়েছে।
হামলার পর বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আবু হিতান ও কাদুগলি এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সংগঠনটি দাবি করেছে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
চলতি বছরের শুরুতে এসপিএলএম-এন-সংশ্লিষ্ট বাহিনী ও ওতোরো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর নতুন করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাউথ কর্দোফানের নুবা পর্বতমালা এলাকায় ওতোরো একটি সংখ্যালঘু সম্প্রদায়। জমি নিয়ে বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে।
জাতিগত এই সংঘাত সুদানের চলমান গৃহযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে, যার ফলে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে।
অনলাইন ডেক্স 























