পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে জশনে জুলুস আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৯ আগস্ট জশনে জুলুস আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে সাধারণ শিক্ষার্থী ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজকদের পক্ষ থেকে আবেদনটি জমা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মোরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও রিসালাতের স্মরণে আগামী ২৯ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শহরে জশনে জুলুস আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের কথা রয়েছে।
জশনে জুলুসের আগে শহরের পৌর মুক্তমঞ্চে অংশগ্রহণকারীরা সমবেত হবেন। পরে সেখান থেকে নাতে রাসুল (দ.) ও দরুদ-সালামের মাধ্যমে জুলুস শুরু হয়ে কুমারশিল মোড়, ডা. ফরিদুল হুদা রোড, ছাতিপট্টি রোড ও মসজিদ রোড প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
আয়োজকেরা জানান, জশনে জুলুসে নাতে রাসুল (দ.), দরুদ ও সালামসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। তাঁরা এ আয়োজনের মূল উদ্দেশ্য হিসেবে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আদর্শের শিক্ষা মানুষের মাঝে তুলে ধরার কথা উল্লেখ করেছেন।
অনলাইন ডেক্স 
























