সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, বিষয়টিকে ঝুলিয়ে রাখলে সংকট কমবে না, বরং পরিস্থিতি আরও জটিল হবে।
সোমবার (২৪ আগস্ট) ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘সরকারের ছয় মাসের কার্যক্রমের ওপর মূল্যায়ন’ বিষয়ক এক মিডিয়া সংলাপে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান এবং তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ছয় মাসেও বেতন-ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। চলতি অর্থবছরের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে, যা বড় একটি আর্থিক সীমাবদ্ধতা।’
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত বেতন কাঠামোর প্রতিবেদন মূল্যায়ন করে তা ভাগে ভাগে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। যদি শুরুতেই ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হতো, তবে পরিস্থিতি এতদূর গড়াতো না।
সিপিডি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে মোট ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, যার ফলে ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও সংস্কার কার্যক্রম মূল্যায়ন করতে সিপিডি ৩৬২টি পদক্ষেপের একটি তালিকা তৈরি করেছে, যা ৯টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
অনলাইন ডেক্স 

























