যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এসব দেশের স্বার্থে হামলা চালানো হতে পারে এবং হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় তেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার ইরানি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি এই মন্তব্য করেন। তিনি বলেন, ওয়াশিংটনের ইরানবিরোধী অভিযানে যোগ দিলে ইরান সেই দেশের স্বার্থে আঘাত করবে।
রেজায়ি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে তেল বের হতে বাধা দেওয়া হবে এবং বিকল্প আঞ্চলিক তেল রপ্তানি পথগুলোও হামলার লক্ষ্য হতে পারে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালির উপকূলের অর্ধেকের বেশি অংশ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দেন। তিনি ইরানকে সহায়তা দেওয়া যে কোনো সরকারের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
অনলাইন ডেক্স 





















