নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ রাজের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সরকারি নির্ধারিত ছুটির সময়ের আগেই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং নিয়মিত ক্লাস না নেওয়ার পাশাপাশি ক্লাস চলাকালে ঘুমানো ও মোবাইলে ফেসবুক ব্যবহারের মতো ঘটনা ঘটছে।
সম্প্রতি এসব অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগের বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
জানা গেছে, গত রোববার দুপুর ২টার দিকে ইউএনও রাসেল ইকবাল চর ঈশ্বর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে যান। এ সময় দক্ষিণ রাজের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি সড়ক পরিদর্শন করছিলেন তিনি। তখন শিক্ষার্থীরা এসে জানান, তাদের ছুটি দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না এবং ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহার করেন। এ ছাড়া শিক্ষকদের অশোভন আচরণের কথাও উল্লেখ করা হয়। ইউএনও শিক্ষার্থীদের অভিযোগ শুনে বিদ্যালয়ে যান, কিন্তু সেখানে কোনো শিক্ষককে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রানী পাল জানান, শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কিছু সময় আগে ছুটি দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, অনিয়মের বিষয়ে তারা অবহিত হয়েছেন এবং শিক্ষকদের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও রাসেল ইকবাল বলেন, তিনি শিক্ষার্থীদের অভিযোগ শুনেছেন এবং বিষয়টি শিক্ষা কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
অনলাইন ডেক্স 























