নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-এর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য বিনামূল্যে ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা চালু করেছে বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’। গ্রামীণ হেলথটেক লিমিটেডের আওতাধীন প্রতিষ্ঠানটি এনএসইউ কমিউনিটির জন্য এ সেবা চালু করেছে।
এ উদ্যোগের আওতায় এনএসইউতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা সুখীর ‘ইনস্ট্যান্ট সাইকোলজিস্ট’ সেবার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কাউন্সেলর ও সাইকোলজিস্টদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ নিতে পারবেন। সেবাটি দিন-রাত যেকোনো সময় গ্রহণের সুযোগ থাকায় প্রয়োজনের মুহূর্তে মানসিক স্বাস্থ্য সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
সুখীর এই উদ্যোগ যুক্ত হয়েছে এনএসইউ কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিইং সেন্টারের বিদ্যমান মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থার সঙ্গে। এর ফলে এনএসইউ কমিউনিটির জন্য ভার্চুয়াল মানসিক স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গ্রামীণ হেলথটেকের সিইও ড. আরমান আহমেদ সিদ্দিকী বলেন, ‘মানসিক স্বাস্থ্যের জন্য সহায়তা প্রয়োজন হলে তা কখনোই দ্বিধা অথবা সমালোচনার ভয়ে এড়িয়ে যাওয়া যাবে না। সুখীতে আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মনের কথা যথাযথ সহানুভূতি, গোপনীয়তা এবং সম্মান পাওয়া উচিত।’
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘এই সেবাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রফেশনাল হেল্প সবার জন্য খুবই সহজলভ্য এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে হয়। কোনো শিক্ষার্থী তার জীবনের কঠিন মুহূর্তে যেন একা লড়াই না করে।’
অনলাইন ডেক্স 
























